আইসিডিতে ১০% বাড়তি চার্জ কার্যকর

বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে গতকাল মঙ্গলবার বিভিন্ন সেবার ওপর ১০ শতাংশ হারে বর্ধিত চার্জ কার্যকর হয়েছে।

কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার দেশ রূপান্তরকে জানান, গত ২২ সেপ্টেম্বর বিকডা ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ১ অক্টোবর থেকে আইসিডিগুলোতে চার্জ ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। সেই সিদ্ধান্ত অনুসারে গতকাল থেকে তা কার্যকর হয়।

বিকডা সূত্র জানায়, ১০ শতাংশ চার্জ বাড়ানোয় রপ্তানি পণ্যবাহী ২০ ফুট কন্টেইনারের প্যাকেজ চার্জ ৩ হাজার ৬০০ টাকার জায়গায় নেওয়া হচ্ছে ৩ হাজার ৯৬০ টাকা। এছাড়া ৪০ ফুট কন্টেইনারের প্যাকেজ চার্জ ৪ হাজার ৮০০ টাকার পরিবর্তে ৫ হাজার ২৮০, গ্রাউন্ড রেন্ট চার্জ ২০ ফুট কন্টেইনারে ১০০ টাকার স্থলে ১১০, ৪০ ফুট কন্টেনারে ২০০ টাকার স্থলে ২২০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া ল্যান্ডিং চার্জ প্রতি টন ১৮০ টাকার স্থলে ১৯৮, কন্টেনার ওঠানামা চার্জ (লিফট অন বা লিফট অফ) কন্টেইনার প্রতি ৩০০ টাকার স্থলে ৩৩০, ডকুমেন্টেশন চার্জ ২৪০ টাকার স্থলে ২৬৪, কন্টেইনার পরিবহন চার্জ ২০ ফুটের ক্ষেত্রে ১ হাজার টাকার স্থলে ১ হাজার ১১০ ও ৪০ ফুট কন্টেইনারের ক্ষেত্রে ২ হাজার টাকার স্থলে ২ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। কার্গো রিসিভিং চার্জ প্রতি কার্টন ৩ টাকার স্থলে ৩ টাকা ৩০ পয়সা করে আদায় করা হচ্ছে।