দশ লাখ মানুষকে অতিদরিদ্র থেকে বের করতে প্রকল্প হাতে নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক প্রতিষ্ঠান (পিকেএসএফ)। ‘পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল’ (পিপিইপিপি) প্রকল্পটিতে দুটি পর্যায়ে ৫ লাখ পরিবারভুক্ত ১০ লাখ অতিদরিদ্রকে বিভিন্ন সেবা দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ৬ বছর মেয়াদে বাস্তবায়ন হবে প্রকল্পটি।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ডিএফআইডির বাংলাদেশের প্রধান জুডিথ হারবার্টসন ও বাংলাদেশে নিযুক্ত ইইউর প্রধান সমন্বয়ক মরিজিও চিয়ান।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ অনেক সাফল্য পেলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই। দারিদ্র্য বিমোচনে আরও গতি বাড়ানো উচিত।
প্রকল্পের আওতাভুক্ত কর্ম এলাকাগুলো হচ্ছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদীবিধৌত চরাঞ্চল ও বন্যাকবলিত নদীতীরবর্তী এলাকা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা, উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম ও অতিবন্যাপ্রবণ হাওর এলাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকা। প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে থাকবে পিকেএসএফ প্রকল্পের ৩টি কম্পোনেন্ট লাইভহুডস, নিউট্রিশন এবং কমিউনিটি মবিলাইজেশন।
এছাড়া মার্কেট ডেভেলপমেন্ট, পলিসি অ্যাডভোকেসি এবং লাইফ সাইকেল গ্রান্ট পাইলট কম্পোনেন্টগুলো বাস্তবায়ন করবে ডিএফআইডি
নির্বাচিত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য অংশীদার প্রতিষ্ঠান।