ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তকদীর হোসেন মো. জসিম।
জেলা কৃষক দলের আহ্বায়ক নসিরউদ্দিন হাজারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি ক্যাসিনোর দেশ বানিয়েছে। ক্যাসিনো-জুয়ার মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতারা শত শত কোটি টাকা লুটপাট করেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে বিদায় করতে হবে। ১৮ মাস ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। কৃষক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে রাজপথ কাঁপিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।