চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার জাসপ্রিত বুমরাহ। এবার সেই তালিকায় যোগ হয়েছে হার্দিক পান্ডিয়ার নাম। উন্নত চিকিৎসার জন্য দুজনকেই পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দুজনই মিস করতে পারেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ।
বুমরাহ ভুগছেন স্ট্রেস ফ্র্যাকচারের চোটে। আর পিঠের নিচের অংশে চোট হার্দিকের। গত বছর এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। এরপর বেশ কিছুদিন ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পিঠের নিচের অংশে ফের ব্যথা অনুভব করেন হার্দিক। ইনজুরিটা তার গুরুতরই। চিকিৎসার জন্য তাই ইংল্যান্ড পাঠানো হচ্ছে তাকে।
নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে ভারত। পুনর্বাসন প্রক্রিয়া শেষে এই দুজন সেই সিরিজে ফিরতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেক সংবাদমাধ্যম তো সরাসরিই বলে দিচ্ছে, দুজনই ছিটকে গেছেন বাংলাদেশ সিরিজ থেকে।