ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু সন্দেহে ২৩৬ জনের মৃত্যুর তথ্য পেল প্রতিষ্ঠানটি। এদের মধ্যে ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যু নিশ্চিত করেছে অধিদপ্তরের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার যশোরে এক নারীর মৃত্যুর হয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী বেড়েছে ২৩ জন।
আমাদের যশোর প্রতিনিধি জানান, জেলার ইবনে সিনা হাসপাতাল থেকে ফেরত দেওয়া ডেঙ্গু রোগী সীমা খাতুন (৩০) বাড়িতে যাওয়ার পথে মারা যান। তিনি চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। বিল্লাল বলেন, তার স্ত্রী ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হলে বিভিন্ন হাসপাতালে ঘুরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে গত সোমবার হাসপাতাল কর্র্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে বলে। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পথে মৃত্যু হয় সীমা খাতুনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭১ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬ এবং রাজধানীর বাইরে ২৬৫ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৩২৪ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৬১৬ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ৪৭২ জন। এর মধ্যে রাজধানীতে ৫৪৭ এবং রাজধানীর বাইরে ৯২৫ জন।
এর আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৮ জন। গত রবিবার ৩৪২, শনিবার ৩৬০ ও শুক্রবার এই সংখ্যা ছিল ৩৬০ জন। অর্থাৎ গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে গতকাল। আর গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ২৩, মিটফোর্ড হাসপাতালে ১৭, শিশু হাসপাতালে ২, সোহরাওয়ার্দী হাসপাতালে ৮, বিএসএমএমইউতে ৫, পুলিশ হাসপাতালে ২, মুগদা হাসপাতালে ৪, সিএমএইচে ৭, কুর্মিটোলা হাসপাতালে ১৫, কুয়েত মৈত্রী হাসপাতালে ১ ও বেসরকারি ক্লিনিকে ২২ জন ভর্তি হয়েছে। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৬৩, চট্টগ্রামে ২০, খুলনায় ৯৮, রংপুরে ৭, রাজশাহীতে ১৭, বরিশালে ৪৬, সিলেটে ৫ ও ময়মনসিংহ বিভাগে ৯ জন ভর্তি হয়েছে।