গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

টেকনাফে মাদক মামলায় গ্রেপ্তার দুই আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশের দাবি, গত সোমবার ভোররাতে উপজেলার উত্তর শিলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও মৌলভীপাড়ার হেলাল উদ্দিন (২১)। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আমিন ও হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিয়ে উত্তর শিলখালী পাহাড়ি এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সহযোগীরা গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশও গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ হেলাল ও আমীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), সাত রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।