নাজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের সংঘর্ষের জেরে ৩ দিন ধরে ১৪৪ ধারা

মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আনন্দ মিছিল ও কেক কাটাকে কেন্দ্র করে সরকারি নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩০ সেপ্টেম্বর থেকে কলেজ ক্যাম্পাসে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ছয় পুলিশ সদস্যসহ ৪০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

এ ঘটনার পর থেকে কলেজে থমথমে পরিবেশ বিরাজ করছিল। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য গত রবিবার সকালে অধ্যক্ষ সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম শিক্ষকদের নিয়ে বৈঠক করে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে অনিবার্য কারণবশত শ্রেণি কার্যক্রম স্থগিত করেন। তবে সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন ভর্তি কার্যক্রম, পাবলিক পরীক্ষা ও অফিসের কার্যক্রম চলবে। ৩০ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম কলেজ ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেন। কলেজের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে।

সোহান, রাসেলসহ কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।’

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত ছিল। ক্যাম্পাসে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং কোনোরূপ বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য ১৪৪ ধারা জারি করেছি। কলেজে শিক্ষা কার্যক্রমের পরিবেশ স্বাভাবিক হলেই আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেব।’