চট্টগ্রামে মহানগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ব্যক্তির আইডি ও পেজ থেকে তিনটি শুক্রবার (২৪ এপ্রিল) মিছিলের ভিডিও পোস্ট করা হয়।
ফেসবুকের মিছিলের ভিডিওতে দেখা গেছে যে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় এসব মিছিল হয়েছে।
ভিডিও পর্যালোচনায় যা দেখা যায়, নগরীর ষোলশহর দুই নম্বর গেট থেকে ব্যনাার নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের সামনের দুইজনের মাথায় লাল টুপি ছিল। এছাড়া নগরীর জিইসি মোড় থেকে একটি মিছিল বের হয়ে গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। আরেকটি মিছিল হয়েছে সিআরবি এলাকায়। এই মিছিলে একাধিক মোটরসাইকেলও দেখা গেছে। শুক্রবার বিভিন্ন সময়ে এসব মিছিল হয় বলে ফেসবুক পোস্টে দাবি করা হয়।
এ বিষয়ে নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো আমাদের নজরে এসেছে। আমরা তা তদন্ত করে দেখছি । মিছিলে অংশ গ্রহণকারীদের শনাক্ত করে এদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
