রেলমন্ত্রী যাবেন তাই ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন!

জামালপুরে রেলস্টেশন থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনে ঢাকা যাবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ জন্য গতকাল বুধবার বিকেল ৪টায় ট্রেন ছাড়ার সময় হলেও সরিষাবাড়ী উপজেলায় মন্ত্রীর জনসভা শেষ না হওয়ায় স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেনটি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর মন্ত্রী এলে  ৫টা ৪৫ মিনিটে জামালপুর রেলস্টেশন ছাড়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। পৌনে ২ ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ যাত্রীরা।

তারা বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে যেখানে যাত্রীসেবা বাড়ার কথা সেখানে উল্টো যাত্রীদুর্ভোগ বেড়েছে।

তিস্তা এক্সপ্রেসে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রী ইসমাইল হোসেন জানান, অসুস্থ মাকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে যাচ্ছি। কিন্তু ২ ঘণ্টা লেট হওয়ায় আজ আর ডাক্তার দেখাতে পারব না। এভাবে ট্রেনে বসে থাকতে থাকতে রোগী আরও অসুস্থ হয়ে যাবে। জামালপুর থেকে ঢাকাগামী যাত্রী মিলন বলেন, সকালে আমার একটি চাকরির পরীক্ষা আছে। রাতে পৌঁছতে বিলম্ব হলে সকালে ঠিকমতো পরীক্ষা দিতে সমস্যা হবে।   

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে জামালপুর রেলস্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন বলেন, ‘আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ৪টায় জামালপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ ৫টা ৪৫ মিনিটে ছেড়েছে। দেওয়ানগঞ্জ থেকে ৩০ মিনিট বিলম্বে  ছেড়ে আসার পর জামালপুরে মন্ত্রীর জন্য সেলুন সংযোজন ও তার আগমন উপলক্ষে বিলম্ব হয়েছে।’

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গতকাল বুধবার দুপুরে ঢাকা থেকে ট্রেনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মতিয়র রহমান তালুকদার স্টেশনে পৌঁছেন।  সেখানে স্টেশন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্টেশন পরিদর্শন শেষে সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ গত ১০ বছরে অনেকদূর এগিয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধী সেই শক্তি এখন নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ সময় মন্ত্রী এই  রেলপথে দুটি আন্তঃনগর ট্রেন ও ডাবল লাইনের ঘোষণা দেন।’ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মন্ত্রী পরে বিকেলে সরিষাবাড়ী রেলস্টেশনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে জনসভা শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে জামালপুর স্টেশনে আসার কথা থাকলেও তিনি ৫টা ৩৫ মিনিটে জামালপুর স্টেশনে পৌঁছান। পরে ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস।