প্রধানমন্ত্রীকে মোশাররফ

ভারত সফরে দেশের স্বার্থবিরোধী প্রস্তাবে রাজি হবেন না

ভারত সফরে বাংলাদেশের জনগণের স্বার্থহানি হয় এমন কোনো প্রস্তাবে রাজি না হওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে এখনই সাবধান করতে চাই। আপনি ভারতে যাচ্ছেন, ভালো কথা। কিন্তু এ দেশের জনগণের ক্ষতি হয় ভারতের এমন কোনো প্রস্তাবে রাজি হবেন না।’ গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবশেষে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে ওয়ান-ইলেভেনকে ঠেকানোর জন্য তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। আমাদের প্রশ্ন, দেশ ওয়ান-ইলেভেনের দিকে যাবে এমন পরিস্থিতি কেন সৃষ্টি করেছেন।’