নিয়োগ নিয়ে অডিও ফাঁস

রাবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার শিক্ষক নিয়োগে ঘুষের দেনদরবারের অডিও ফাঁসের ঘটনায় তার পদত্যাগ দাবি করে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার সন্ধ্যায় রাকসু ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর বলেন, ক্যাম্পাসে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। উপ-উপাচার্যকে তার চেয়ারে বসতে দেওয়া হবে না। তিনি পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। এ সময় একই দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এদিকে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে দুর্নীতিবিরোধী পদযাত্রা করে প্রগতিশীল ছাত্রজোট। পরে আমতলায় সমাবেশে জোটের নেতারা ‘জয় হিন্দ’ বলায় উপাচার্য এবং ঘুষ লেনদেনের অভিযোগ আসায় উপ-উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

গত ২৬ সেপ্টেম্বর সিনেট ভবনে এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার পর ‘জয় হিন্দ’ সেøাগান দিয়ে তোপের মুখে পড়েন। এক পর্যায়ে গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ উপাচার্যের বক্তব্যকে ‘অতি প্রাসঙ্গিক’ উল্লেখ করে বিবৃতি দিতে বাধ্য হয়।

এর দুদিন পর উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার শিক্ষক নিয়োগে ৪৮ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে চাকরিপ্রার্থীর স্ত্রীর সঙ্গে তিনি দরকষাকষি করেছেন। অবশ্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার দাবি, ফাঁস হওয়া রেকর্ডটি আংশিক ও খণ্ডিতভাবে উপস্থাপন করে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে।