পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়ায় অভিযান

রাঙ্গুনিয়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। পাইকারি বাজার থেকে কমমূল্যে কিনে পেঁয়াজ বাজারের দোকানগুলোতে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করার অভিযোগে গত মঙ্গলবার থেকে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান।

অভিযানে সহযোগিতা করছেন সহকারী কমিশনার ভূমি পুরবিতা চাকমা (ভূমি), স্যানিট ইন্সপেক্টর আবুল হোসেন ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।

বুধবার সারা দিনের অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে কয়েকটি হাটবাজারে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার বিপরীতে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার প্রথম দিনের অভিযানে ১৫টি প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজার, মরিয়মনগর চৌমুহনী, দোভাষীবাজার, লিচুবাগান বাজার, ধামাইর হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ব্যবসায়ীরা আদালতে পেঁয়াজের ক্রয়মূল্যের রশিদপত্র প্রদর্শনে ব্যর্থ হয় এবং দোকানে পণ্যের মূল্য তালিকা সম্বলিত ব্যানার কিংবা সাইনবোর্ড নেই।

বৃহস্পতিবার সকাল থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।