মাছ ব্যবসায়ী বন্ধুর ছুরিকাঘাতে কসাই নিহত

নরসিংদীর বেলাবতে দুলাল মিয়া (৩৬) নামে এক মাছ ব্যবসায়ীর ছুরিকাঘাতে শাহা মিয়া (৩৫) নামে এক কসাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বেলাব বাজারে এ ঘটনার পর ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতে মাছ ব্যবসায়ী দলাল মিয়াকে আটক করেছে পুলিশ। 

নিহত শাহা মিয়া বেলাব উপজেলার গাংকুল পাড়া গ্রামের হারিছ ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার টেকপাড়া গ্রামের বাসিন্দা। এই দুজন বন্ধু ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, বেলাব বাজারে শাহা মিয়া মাংস বিক্রি ও তার বন্ধু দুলাল মিয়া মাছের ব্যবসা করেন। বুধবার বিকেলে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন। এ সময় মাছ ব্যবসায়ী দুলাল তার বন্ধু কসাই শাহাকে ছুরিকাঘাত করেন। আহতাবস্থায় শাহাকে উদ্ধার করে স্হানীয়রা প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত দুলালকে রাতে বেলাব বাজার থেকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তিনি বলেন, দুই বন্ধু মাদকাসক্ত। তাদের উভয়ের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।