বিশ্বখ্যাত ক্রুজ জাহাজ টাইটানিকের নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উলফ শেষ মুহ‚র্তে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেল। যুক্তরাজ্যের এনার্জি কোম্পানি ইনফ্রাস্ট্রাটা মঙ্গলবার বলেছে, তারা ১৫৮ বছরের বেলফাস্ট শিপইয়ার্ডটি সম্পদসহ ৬০ লাখ পাউন্ড বা ৭৩ লাখ ডলারে কেনার বিষয়ে একমত হয়েছে। স্বেচ্ছায় ছুটিতে যাওয়া ৭৯ কর্মকর্তা-কর্মচারীকেও পুনর্বহাল করার ঘোষণা দিয়ে ক্রেতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, আগামী পাঁচ বছরে আরও কয়েকশ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
ইনফ্রাস্ট্রাটার এই ঘোষণা হারল্যান্ড অ্যান্ড উলফের ভাগ্যে নাটকীয় পরিবর্তন এনেছে। ক্রেতা প্রতিষ্ঠানের এই উদ্যোগের কথা যুক্তরাজ্য সরকারের নিয়োগ দেওয়া প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। ‘ব্রিজ লোন’ পরিশোধ করার ব্যর্থতার কারণে টাইটানিকের নির্মাতা প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণার বিষয়ে কাজ করছিলেন ওই প্রশাসক।
১৯১২ সালে টাইটানিক নির্মাণ সম্পন্ন করা হারল্যান্ড অ্যান্ড উলফ ২০০৩ সালের পর থেকে আর কোনো জাহাজ নির্মাণ করেনি। গত ১৬ বছরে শিপইয়ার্ডটি শুধু দুটি ফেরি তৈরি করেছে। বিলাসবহুল ক্রুজ জাহাজ নির্মাণে ইউরোপের আধিপত্য ও কার্গো জাহাজ নির্মাণে এশিয়ার দেশগুলোর কাছে মার খেয়েছে শিপইয়ার্ডটি। ক্রেতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন উড বলেছেন, এ বছরের শেষ নাগাদ হারল্যান্ড অ্যান্ড উলফের নতুন ব্যবস্থাপনা নিয়োগ দেওয়া হবে।