দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে আরও অনেক রাঘব-বোয়াল ধরা পড়বেন বলে জানিয়ে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সারা দেশের অপকর্মকারীদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে আছে। তারা কেউই
ছাড় পাবেন না।’ দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে কাদের বলেন, তার (খালেদা) স্বাস্থ্যের বিষয়ে বিএনপির বক্তব্য ও চিকিৎসকদের বক্তব্য এক নয়। চিকিৎসকদের রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো কথা বলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, ‘অনুপ্রবেশকারীদের একটা তালিকা প্রধানমন্ত্রীর কাছে আছে, তৃণমূল পর্যন্ত। সারা দেশে দলে অনুপ্রবেশকারী, অপকর্ম যারা করেছে তাদের একটা তালিকা তার কাছে আছে। বিভাগীয় দায়িত্বে যারা আছেন তাদের এই তালিকাটি দেখতে বলেছেন তিনি। তালিকা দেখে যার যার এলাকায় কমিটি গঠনে সতর্ক এবং সজাগ থাকার জন্য বলেছেন, যাতে এই ধরনের লোকেরা আওয়ামী লীগের কমিটিতে স্থান না পেতে পারে।’
কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, চলাফেরা করতে পারছেন না, তার জরুরি চিকিৎসার প্রয়োজন। অন্যদিকে তার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া ততটা অসুস্থ নন। তবে যেটুকু অসুস্থ, তার চিকিৎসা চলছে। এটি যথেষ্ট বলেই মনে করছেন চিকিৎসকরা।
আগামী নভেম্বরের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফেনীর জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এ ধরনের খবর জানা নেই। কোথা থেকে এলো তাও জানি না। কে দিল এই খবর তাও জানি না। শুধু এইটুকু জানি, ফেনী জেলার সম্মেলন হবে। একটা তারিখ হয়েছে। জয়নাল হাজারী অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কিছু সহযোগিতা করেছেন।