শিগগিরই দেশে আরেকটি সংসদ নির্বাচন হবে উল্লেখ করে গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঐক্য ফ্রন্ট নেতা ড. রেজা কিবরিয়া বলেন, তাই আসল অর্থ, সম্পদ লুটেরাদের গ্রেপ্তার না করে এদের চেলার চেলাদের ধরে সরকার বাহবা নেওয়ার চেষ্টা করছে।
সিলেট বিভাগে ৪ দিনের সফরের তৃতীয় দিনে শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামবাসীদের সঙ্গে এক সংক্ষিপ্ত মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, সরকার বুঝতে পেরেছে যে তারা দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সহ্য করতে পারছে না। এখন চলে যাওয়ার সময় এসেছে। তাই গদি ছাড়ার আগে ৪র্থ ও ৫ম সারির লুটেরাদের ধরে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। জনগণ তখনই খুশি হবে যখন দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী ও ঋণ খেলাপিদের বিচারের আওতায় আনা হবে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান ড. কিবরিয়া আরও বলেন, ১৫ বছরেও বাবার হত্যার বিচার পায়নি আমাদের পরিবার। আমার মা আসমা কিবরিয়া ক্যানসার আক্রান্ত হয়েও এই বিচার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। জনগণ বুঝতে পারছে রাজনীতির একটি গুণগত মান দরকার। কেউ রাতের আঁধারে ভোট চুরি করে রাষ্ট্র পরিচালনা করুক এমন গণতন্ত্র জনগণ চায় না।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোন কিছু বললে গ্রেপ্তার করা হচ্ছে। সরকার যেখানে জনগণকে ভয় পাওয়ার কথা সেখানে জনগণ সরকারকে ভয় পাচ্ছে।
এর আগে তিনি পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। পরে তিনি বাহুবলের উদ্দেশ্যে রওনা হন।