বামনায় ইটভাটা ম্যানেজার নিখোঁজ ১২ দিন

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামের কমলকান্তি হাওলাদার (৩১) গত ২২  সেপ্টেম্বর তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পায়নি তার পরিবার। বামনা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বরগুনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ১১ মাস বয়সী সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন কমলকান্তির স্ত্রী অনিতা রানী (২৫)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামী কমলকান্তি হাওলাদার বামনা উপজেলার ‘মা ব্রিকস কোম্পানি’র ইটভাটার ম্যানেজার ছিলেন। গত ২১ সেপ্টেম্বর ওই ভাটার কিছু মালামাল কিনতে ভাটার মালিক মোস্তফা ফকীর তাকে ঢাকায় পাঠান। পরদিন ২২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত অনিতা রানী তার স্বামীর সঙ্গে কথা বলতে পারলেও এরপর থেকে আর কোনো কথা হয়নি এবং কোনো খোঁজও পাওয়া যায়নি।

অনিতা রানী জানান, তার স্বামীর নিখোঁজের পেছনে ‘রাফিন সাফিন’পরিবহনের হেলপার জাহাঙ্গীর ও মা ব্রিকসের কর্মচারী মালিকের আত্মীয় রফিক, বসির, মনির এবং রব সরদার জড়িত বলে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। এ বিষয়ে তিনি পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে মা ব্রিকসের মালিক মোস্তফা ফকীর তার শ্যালক ও ভায়রার বিষয়ে অনিতা রানীর সন্দেহের কথা জানালে তিনি বলেন, যার স্বামী নিখোঁজ হয়েছে, তিনি অনেক কিছুই সন্দেহ করতে পারেন। তবে তা সত্য নয়।

বামনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, মাওয়া ফেরিঘাটে যাওয়া পর্যন্ত যেহেতু তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে, সেহেতু ঘটনা যাই ঘটুক না কেন তা সেখানেই ঘটেছে। তাই বামনা থানা কর্র্তৃপক্ষের তেমন কিছু করণীয় নেই। তারপরও আমরা বামনা থেকে সেখানে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিচ্ছি।