ন্যান্সি ও আসিফ অনেক দিন জনপ্রিয়তা ধরে রেখেছেন

জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। তিন দশক ধরে গানের ভুবনে পদচারণা। এখন ব্যস্ত পূজার কাজে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন

পূজা উপলক্ষে কী করছেন?

পূজা উপলক্ষে ভীষণ ব্যস্ত। ৭ তারিখে নবমীর দিন বনানী পূজার মাঠে কনসার্ট। গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ এটি আয়োজন করেছে। এটি ঢাকার সবচেয়ে বড় পূজামণ্ডপ। প্রতি বছরই এখানে গাওয়ার জন্য আমন্ত্রণ পাই। নিজের ধর্মের সবচেয়ে বড় উৎসবে গাইতে সব সময় ভালো লাগে।

নতুন গানের কী খবর?

‘ককটেল’ নামের নতুন একটি অ্যালবাম বের হয়েছে অনলাইনে। এর আগে জলছবি অ্যালবাম থেকে ‘তোমার আমার প্রেম’ গানটির জন্য ভালো সাড়া পেয়েছি। এ অ্যালবামের ‘পরদেশী মেয়ে’ গানটিও হিট। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অন্ধকার জগত’ সিনেমায় একটি গান করেছিলাম। ক্রিকেট নিয়েও নতুন গান করেছি। রিভাইভ নেশন নামে একটা আমেরিকান ওয়েবসাইটে আমার পুরনো সাড়া জাগানো গানগুলো পাওয়া যাচ্ছে। এ ছাড়া আইটিউনস, ইপি মিউজিকেও আমার গান আছে।

প্রায়ই শোনা যায়, এখনকার গান আগের মতো মানুষের মুখে মুখে ফেরে না। এর কারণ কী?

এটা সত্যি, আগের মতো গান লোকের মুখে মুখে ফেরে না। অনেক দিন ভালো কোনো গান শুনি না। এখন তো অনলাইনের যুগ। আগের দিনের মতো মানুষ এখন গান শোনে না বলে আমার ধারণা। মানুষ এখন গানে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। তাদের আগ্রহ এখন সোশ্যাল মিডিয়ার দিকে।

নতুন শিল্পীদের গান কেমন লাগে?

আমাদের পরে এসে খুব ভালো করেছে যারা, তাদের মধ্যে ন্যান্সি আর আসিফ অনেক দিন ধরে জনপ্রিয়তা বজায় রেখে গান করছেন। আমি মনে করি ন্যান্সি গান করেন শাকিলা জাফর, সামিনা চৌধুরীর মতো য নিয়ে। আর কম্পোজার হিসেবে আমাদের পর এসেছেন হাবিব ও হৃদয় খান। তারা বেশ ভালো কম্পোজার।

নতুন শিল্পীদের উদ্দেশে কী বলার আছে?

গায়ক হলেন তিনি, যে সব অবস্থায় গান গাইতে পারেন। এখনকার ছেলেমেয়েদের একটা ভালো মৌলিক গান নেই।

লাইভ প্রোগ্রামে নিজের একটা-দুটি গান গাওয়ার পরই তাদের অন্য শিল্পীর গান গাইতে হয়। তাদের মৌলিক গান বেশি হলে চার-পাঁচটা। সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা তাদের গান গাইলে তো হবে না। নিজের গান তো থাকতে হবে।

বিভিন্ন প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পীরা কেন হারিয়ে যাচ্ছেন?

বাংলা গানে নিজেকে হিট করাতে হলে নিজের একটা ভালো মৌলিক গান থাকতে হবে। আর সেই লেভেলের হতে হবে গানটা। প্রতিযোগিতা থেকে আসা শিল্পীদের মধ্যে সালমা ভালো করেছেন।

নতুন গীতিকারের গান কি গাওয়া হয়?

ভালো হলে অবশ্যই গাই। তবে বেশির ভাগ গানের কথাই আমার পছন্দ হয় না। গান হলো ভালো কথা, সুর, গায়কি ও সংগীতের মিশ্রণ। সবদিকেই সবার মনোযোগী হওয়া দরকার।