বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোতে (আইসিডি) ১০ শতাংশ হারে বাড়তি চার্জ আদায়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ)। এ ব্যাপারে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কাছে চিঠি পাঠিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। গত বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইসিডিগুলোতে বাড়তি চার্জ কার্যকর করা ‘অযৌক্তিক’ উল্লেখ করে চিঠিতে বিজিএমইএ বলেছে, এতে পোশাক রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। ১০ শতাংশের বদলে ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়ে বাড়তি চার্জ ১ নভেম্বর থেকে কার্যকর করার প্রস্তাব দিয়েছেন তিনি।
চিঠিতে রুবানা হক উল্লেখ করেন, বিশ্বব্যাপী পোশাকের বাজারে সিএম (কাটিং-মেকিং খরচ) কমে যাওয়া, বিদেশি ক্রেতার নিত্যনতুন শর্ত আরোপ ও অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে দেশের পোশাকশিল্পে এক প্রকার ক্রান্তিকাল চলছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের অপরিমেয় অবদানের দিকে লক্ষ রেখে বেসরকারি আইসিডিগুলো বাড়তি চার্জ ৩ শতাংশ নির্ধারণ করে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর করা হোক। এরপর আগামী দুই বছর চার্জ না বাড়ানোর দাবি করেছেন তিনি।
বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) ও অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে
আলাপ করে জানা যায়, আইসিডিগুলোতে চার্জ বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই উভয়পক্ষের মধ্যে টানাপড়েন চলে আসছে। এর আগে দু’দফা একতরফাভাবে চার্জ বাড়ানোর উদ্যোগ নেয় বিকডা। স্টেকহোল্ডারদের আপত্তির মুখে দুবারই নৌপরিবহন মন্ত্রণালয় বর্ধিত চার্জ স্থগিত করে দেয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ফের একতরফা বর্ধিত চার্জ আদায় শুরু করে আইসিডিগুলো। গত ২২ সেপ্টেম্বর আইসিডি মালিক ও ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করে ১ অক্টোবর থেকে ১০ শতাংশ হারে চার্জ বাড়ানোর সিদ্ধান্ত দেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল জুলফিকার আজিজ। তাতে আপত্তি জানান বিজিএমইএ, চেম্বার, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডারসহ অংশীজনরা।
বিকডা সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, বন্দর চেয়ারম্যানের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টেবর থেকে বিভিন্ন সেবা খাতে ১০ শতাংশ হারে বর্ধিত চার্জ আদায় করা হচ্ছে।
বিজিএমইএ’র সহসভাপতি ও আল আমিন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএম চৌধুরী সেলিম দেশ রূপান্তরকে বলেন, ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে এভাবে চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অনাকাক্সিক্ষত। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প নানা প্রতিক‚ল অবস্থা মোকাবিলা করছে। এর ওপর আইসিডিতে চার্জ বৃদ্ধি এ শিল্পকে আরও ক্ষতিগ্রস্ত করবে।