বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর

৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে মোট আট দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

থাকবে। ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক ও ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির পক্ষ থেকে বন্দর ও কাস্টমস কর্র্তৃপক্ষকে দেওয়া এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। তবে এ সময় বন্দরটি থেকে সারা দেশে পণ্য সরবরাহ কার্যক্রম ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ও কাস্টমস কর্র্তৃপক্ষ জানায়, ৪ ও ১১ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। এবার হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক ও ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির পক্ষ থেকে বুড়িমারী স্থলবন্দর, কাস্টমস কর্র্তৃপক্ষ ও

ব্যবসায়ীদের চিঠি দেওয়া হয়েছে। তবে এ সময় স্থলবন্দর ও কাস্টমস কর্র্তৃপক্ষের অফিস খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরাও চলাচল করতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আবদুস ছালাম বলেন, ‘ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক ও ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ এবং পরিবহন কার্যক্রম থাকবে না বলে জানানো হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীরাও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অফিশিয়াল কার্যক্রম এবং পাসপোর্টধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। পূজা উপলক্ষে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যাও বেড়ে গেছে।’