গত ১০ বছর বিএনপি ক্ষমতায় ছিল না কিন্তু আওয়ামী লীগ সব দোষ বিএনপির ওপর চাপাতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহŸায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘আমি তো কখনো বিএনপি-সমর্থক ছিলাম না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমি বিএনপির সমালোচনা করেছি।’
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সরকারের অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায়
তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
‘ক্যাসিনো বিএনপির সময়ে হয়েছিল’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে ড. কামাল বলেন, ‘বিএনপি অনেক কিছু করতে পারে, কিন্তু ১০ বছর ক্ষমতায় নাই তারা, এই সময়ে যা হয়েছে সেটা তারা করেছেÑ এই অভিযোগটা গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘আজকের সভায় উপস্থিত সবাই একমত যে দেশের অবস্থা সংকটাপূর্ণ। সবাই গভীরভাবে উদ্বিগ্ন। ধর্ষণের পর হত্যা, আইনের শাসন অনুপস্থিত, প্রমাণ দিতে বেশি কিছু লাগে না। পত্রিকাগুলো খুলে দেখেন ঘটনাগুলো ক্রমাগত ঘটছে। এই সরকারকে তো আমরা ভোট দিইনি। তাদের এই কার্যকলাপের জন্য আমরা তাদের প্রত্যাখ্যান করতে বাধ্য। সেটা নিয়ে কোনো দ্বিমতের প্রয়োজন নেই। এখানে কেউ দ্বিমতও করবে না।’
উপস্থিত সবাইকে উদ্দেশ করে ড. কামাল বলেন, ‘আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে সেই ঐকমত্য আছে যে দেশকে বাঁচাতে হবে। আমাদের কে বাঁচাবে? বাইরে থেকে কেউ বাঁচাবে না, আমাদেরকেই বাঁচাতে হবে। স্বাধীনতা আমরা অর্জন করেছি। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ক্ষমতা জনগণের হাতে এনে নিজেদের ভবিষ্যৎ আমরা সবাই মিলে করব ইনশা আল্লাহ।’
জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্প ধারা বাংলাদেশের (একাংশ) সাধারণ সম্পাদক শাহ আহমেদ বাদল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন জেএসডির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।