টিভিতে ক্রিকেট দেখা বন্ধ করে দিয়েছিলেন অশ্বিন

প্রায় এক বছর পর দলে ফিরেই পাঁচ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন! যিনি কি-না, ক্রিকেট দেখাই বন্ধ করে দিয়েছিলেন!

২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন শেষ টেস্ট। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্মম টেস্টে জায়গা পেয়েছেন প্রথম একাদশে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটো টেস্টে মাঠের বাইরেই থাকতে হয়েছিল ভারতীয় অফস্পিনারকে। বিষয়টা নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল। একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন রবীন্দ জাদেজা।

‘ক্রিকেট দেখেন না কেন’, জিজ্ঞাসা করায়, অশ্বিন বলেছেন, “বাড়িতে দুটো বাচ্চা। ওরা তো রাতে ঘুমোয় না। টিভিতে যখনই খেলাটা দেখতাম, মনে হত নেমে পড়ি। প্রচণ্ড মিস করতাম। যে সুযোগ পায় না, সে বোধহয় এই রকমই করে। আমিও তাই টিভি দেখা বন্ধ করে দিয়েছিলাম। ক্রিকেটের বাইরে যদি কিছু বলেন, বই পড়ি। পুরাতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে।”

টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৭বার পাঁচ উইকেট পেলেন অশ্বিন। এই রকম প্রত্যাবর্তনই চেয়েছিলেন তিনি। বলেছেন, “দলে ফিরে এসে আমি খুব খুশি। দেশের হয়ে পাঁচ উইকেট নেওয়ার মতো তৃপ্তি আর কিছুতে নেই। বিশাখাপত্মমে আমার অত্যন্ত পছন্দের জায়গা। তবে, নটিংহ্যামের হয়ে পাঁচ উইকেট পাওয়াটাও আমাকে তৃপ্তি দিয়েছিল। কোনোটাই অন্যটার থেকে ছোট নয়।”