ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলে মো. নান্টু (৩৮) ও তার স্ত্রী সাইনা সুহার (২০) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পিতা আব্দুস সামাদ খান।
শনিবার দুপুর ১২ টায় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভার দেবগ্রামের বাসিন্দা আব্দুস সামাদ খান একজন মুক্তিযোদ্ধা।
সামাদ খান লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে নান্টুর অত্যাচারে আমি অতিষ্ঠ। সে বিভিন্ন সময় আমাকে মারধরসহ নির্যাতন করে আসছে এবং এই ব্যাপারে থানায় মামলা করেছি। সে জেলও খেটেছে। সে বখাটেদের নিয়ে তার স্ত্রীসহ মাদক সেবন করে। আমি লোকজন নিয়ে বাধা দিলে নান্টু ও তার স্ত্রী আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকার বলে এবং আমার পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে আখাউড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন বলেন, নান্টু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার পিতার অবাধ্য হয়ে বাড়িতে মাদক সেবন এবং অনৈতিক কর্মকাণ্ড করলে তাকে বাড়ি থেকে বের করে দেন তার পিতা আব্দুস সামাদ খান। নান্টুর বিরুদ্ধে দেলোয়ার হোসেন থানায় একাধিক মামলা করেন তার প্রতিকার এখনো পাননি ভুক্তভোগী পিতা।
তিনি আরও বলেন, কিছুদিন আগে একই এলাকায় বাড়ি ভাড়া করে থাকা অবস্থায় মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে এলাকাবাসী বাধা দিলে নান্টু ও তার স্ত্রী ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিচে পড়ে আহত হয়। কিন্তু পরে এ ঘটনায় সে তার পিতা ও এলাকাবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমার দাবি সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড দেবগ্রামের কাউন্সিলর মো. বাবুল কমিশনার, পৌর ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাদির মোল্লাসহ ভুক্তভোগীরা।