নওগাঁ সদর হাসপাতাল থেকে ৫ মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। তার নাম আলিফ হোসেন মুসা।
শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় এক নারী মুসাকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
মুসা নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের ফরিদ হোসেন ও বৃষ্টি আক্তার দম্পতির ছেলে।
চুরি হওয়া শিশুটির বাবা ফরিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, গত বুধবার ডায়রিয়ায় আক্রান্ত শিশু মুসাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে মুসার সঙ্গে তার মা ও দাদি থাকতেন।
শনিবার দুপুর ১২টার দিকে দাদি হাসপাতালের বাইরে ওষুধ আনতে যান। তখন মুসাকে কোলে নিয়ে তার মা করিডরে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক নারী কৌশলে মায়ের কাছ থেকে শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। আর মা বৃষ্টি আক্তার শিশুটির জন্য কাপড় আনতে ওয়ার্ডের কক্ষে যান। কিন্তু কাপড় নিয়ে ফিরে এসে অজ্ঞাতপরিচয় ওই নারী ও শিশু কাউকেই দেখতে না পেয়ে হাসপাতাল কতৃ©পক্ষকে বিষয়টি জানান বৃষ্টি।
এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘শিশু চুরি হওয়ার বিষয়টি জানার পর সিসিটিভির ফুটেজ দেখে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ফুটেজে দেখা যায়, এক অজ্ঞাত নারী বোরকা পরে শিশুটিকে কোলে করে তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বের হয়ে একটি অটোবাইকে ওঠে।’
নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘শিশুটি চুরির বিষয়ে হাসপাতাল কতৃ©পক্ষ এবং শিশুটির বাবা থানায় জানিয়েছে। শিশু মুসাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’