কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হাফেজ মৌলানা রুহুল আমিনকে (৬৫) কুপিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে এবং কৈয়ারবিল মখজনুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। পরে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ বেলাল উদ্দিনকে আটক করেছে।
নিহতের ভাই মাওলানা আবদুল জলিল বলেন, ‘রুহুল আমিনের ভোগদখলে থাকা একটি জমির মালিকানা দাবি করে আসছিলেন একই এলাকার মৃত মো. শফির ছেলে বেলাল উদ্দিন। সম্প্রতি জমিটি স্থানীয় মামুন মাস্টারের কাছে বিক্রি করেন রুহুল আমিন। সকালে তাকে মালিকানা বুঝিয়ে দিতে গেলে বেলাল উদ্দিন ও তার ছেলে হুমায়ুনের নেতৃত্বে হামলা করা হয়।’
তিনি বলেন, ‘এ সময় রুহুল আমিনকে তারা কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আমার বড় ভাই আমিনুর রশিদকেও জখম করা হয়। পরে স্থানীয়রা আমিনুরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’ চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। ইতিমধ্যে অভিযুক্ত বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।