চামড়া শিল্প উন্নয়নে টাস্কফোর্স গঠন

চামড়া শিল্প খাত উন্নয়নে সুপারিশ দিতে ও কর্মপরিকল্পনা প্রণয়নে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি ‘চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্স’ গঠন করে আদেশ জারি করা হয়েছে।

২৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক শিল্পমন্ত্রী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অতিরিক্ত সচিব টাস্কফোর্সে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

চামড়া শিল্পের সার্বিক অবস্থা পর্যালোচনা ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা উত্তরণের উপায় নির্ধারণ করবে টাস্কফোর্স। এছাড়া এ শিল্প উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে সুপারিশ প্রণয়ন করবে।

দেশের পরিবেশ আইন/বিধিমালা অনুসরণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স অর্জনে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন বাজার অনুসন্ধান, বিদ্যমান বাজারকে শক্তিশালীকরণ, নতুন নতুন উদ্ভাবন, ব্যবসায় উদ্যোগ ও উত্তম অনুশীলন গ্রহণের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করবে টাস্কফোর্স।

প্রয়োজনে তারা এক বা একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে ও সাব কমিটি গঠন করে তাদের মতামত নিতে পারবে। টাস্কফোর্স বছরে কমপক্ষে চারটি সভা করবে। শিল্প মন্ত্রণালয় এ টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।