চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার নাম আকাশ আলী (১৪)। গতকাল শনিবার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর সড়কে এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটক আকাশ একই ইউনিয়নের আটরশিয়া গ্রামের প্রয়াত আজম আলীর ছেলে। সে স্থানীয় আটরশিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ দেশ রূপান্তরকে জানান, সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে তাদের একটি দল শনিবার দুপুর দেড়টার দিকে কালুপুর সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় সড়কের পাশে হাবিব নামে এক ব্যক্তির মুদিদোকানের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আকাশকে আটক করা হয়।
এসআই জাহিদ বলেন, ‘পদ্মা নদীর ওপার থেকে ইয়াবাগুলো নিয়ে আকাশ শিবগঞ্জের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ ইয়াবা ব্যবাসীয়ারা ওপার থেকে (ভারত থেকে) এপারে ইয়াবার চালান আনার জন্য ‘ইয়াবা ক্যারিয়ার’ হিসেবে ব্যবহারের পাশাপাশি ইয়াবা ব্যবসায় ছোট বাচ্চাদের ব্যবহার করছে।’
আটক আকাশকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।