শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয়রথ অটুট লিভারপুলের

ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক এমন মুহূর্তে স্পট কিক থেকে গোল করে ম্যাচে পার্থক্য গড়ে দিলেন জেমস মিলনার। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল লিভারপুল।

অ্যানফিল্ডে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা। এখন পর্যন্ত আট ম্যাচের সবকটিতে জয় নিয়ে দলটির পয়েন্ট ২৪। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে গোলের দেখা পেতে অনেকটা সময় লেগেছে লিভারপুলের। ম্যাচের ৪০তম মিনিটে দলকে এগিয়ে নেন সাদিও মানে। জেমস মিলনারের রক্ষণচেরা বল ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যে পাঠান সেনেগালিস এই উইঙ্গার।

ঠিক ৪০ মিনিট পর গোলটি শোধ করে ম্যাচে সমতা ফেরায় লেস্টার। স্প্যানিশ ফরোয়ার্ড আয়োসে পেরেসের পাস ডি-বক্সে পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন দলটির অ্যাটাকিং মিডফিল্ডার জেমস মেডিসন।

১-১ গোলে সমতার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছিল লড়াই। কিন্তু পার্থক্য গড়ে ওঠে যোগ করা সময়ে। পেনাল্টি পায় লিভারপুল। সুযোগ কাজে লাগিয়ে দলকে জয় এনে দিতে ভুল হয়নি মিলনারের।

দিনের প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে খেলতে গিয়ে ৩-০ গোলের হার নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার।