নিখোঁজের পরদিন ডোবায় মিলল দোকান কর্মচারীর লাশ

ভোলায় নিখোঁজ হওয়ার এক দিন পর ডোবা থেকে মো. জামাল (৪০) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর কুমরী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রামের নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় ঘুইংগার হাট বাজারের ক্যাপে তাজ দোকানের কর্মচারী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, নিহত দোকান কর্মচারী মো. জামাল শনিবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে রবিবার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যা কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।