মেয়েদের সামনে শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে শিরোপা পেলেও পরের বছর ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার মেয়েদের বয়স ভিত্তিক সাফের এই আসরে বাংলাদেশের সামনে শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।

৯ অক্টোবর ভুটানে বসতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। মাত্র চারটি দল অংশ নিচ্ছে এই আসরে। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারতের সঙ্গে খেলবে স্বাগতিক ভুটান এবং নেপাল।

লিগ ভিত্তিক আসরে সবাই একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর ফাইনাল, ১৫ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। এই আসরে অংশ নিতে সোমবার দেশ ছাড়বে কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

বয়সের কারণে আগের দুই আসরে খেলা অনেকেই খেলতে পারছেন না এবারের আসরে। মারিয়া মান্দা, সারাবান তহুরা,আঁখি খাতুনরা রয়েছেন যে তালিকায়। তবে কোচ গোলাম রব্বানী ছোটন আস্থা রাখছেন নতুনদের ওপর।

রবিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন, ‘গেলবার যখন রানার্সআপ হই তখনই উপলব্ধি করি এই খেলোয়াড়রা পরেরবার থাকবে না। তখন থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। এরপর দুটি জেএফএ টুর্নামেন্ট থেকে খেলোয়াড় সংগ্রহ করি। মেয়েরা নিবিড় অনুশীলনের মধ্যে ছিল। সবাই প্রতিভাবান। ওরাও একসময় মৌসুমী-মারিয়াদের মতো হবে।’

কোচ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানালেন,‘এই টুর্নামেন্ট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। গত দুইবার ফাইনাল খেলেছি। আশা করি এবারও আমরা ফাইনাল খেলব। মেয়েদের সামনে বড় চ্যালেঞ্জ। এখন এরা নতুন কিন্তু এরা অনেক দিন এক সাথে অনুশীলনের মধ্যে আছে। কঠোর পরিশ্রম করেছে। দল নিয়ে আমি আশাবাদী। আমরা চ্যাম্পিয়ন হতে চাই এই আসরে।’

এবারের আসরে বাংলাদেশ দলকে নেতৃত্বে দেবেন শামসুন্নাহার জুনিয়র। আগের আসরে খেলাসহ অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। লক্ষ্যের কথা বলতে গিয়ে জানালেন ‘আগেরবার ভালো খেলেও পারিনি। এবারও চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার। দোয়া করবেন আমরা যেন ফাইনাল খেলতে পারি।’

সহ-অধিনায়ক হিসেবে থাকছেন গোলরক্ষক রুপনা চাকমা। যিনি সিনিয়র জাতীয় দলেরও প্রধান গোলরক্ষক। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলেছেন তিনিও।

গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর স্বাগতিক ভুটানের বিপক্ষে। ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর প্রতিপক্ষ ভারত।