রাজশাহীর পুঠিয়ায় ঘুরতে আসা এক যু্বককে আটকে রেখে চক্রের এক নারী সদস্যের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা আদায় করেছে অপরাধীরা। ধারণকৃত সেই ভিডিও পরিবারকে দেখানোর ভয় দেখিয়ে শামীম নামে ওই যুবকের কাছ থেকে বিশ হাজার টাকা আদায় করে তারা। গত শনিবার এ ঘটনার পর রবিবার ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুঠিয়ার পালোপাড়ার রকিবুল হাসান (১৮), বারইপাড়ার আমিনুল ইসলাম তন্ময় (১৮) ও সরদারপাড়া এলাকার এসএম হাসিবুল হাসান (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শামীম তার মামাতো ভাই নীবিড় মন্ডল ও বন্ধু সুদীপ কুমারকে সঙ্গে নিয়ে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় ঘুরতে যান। এসময় আগে থেকেই ওঁত পেতে থাকা চক্রটি তাদের তিনজনকে পিটিয়ে একটি পরিত্যক্ত ভবনে বন্দী করে। পরে জোরপূর্বক চক্রেরই সদস্য এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ হতে বাধ্য করে। সেই দৃশ্য ভিডিও ধারণ করে ওই চক্রের সদস্যরা। এসময় তাদের আটকে রেখে সেই ভিডিও পরিবারকে দেখানোর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বিশ হাজার টাকা চাঁদা আদায় করে। তবে কৌশলে শামীম সেখান থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, অপরাধিদের বিষয়ে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। চক্রটির সঙ্গে সম্পৃক্ত সবার খোঁজেই মাঠে নেমেছে পুলিশ। যে তরুণীর সঙ্গে ভিডিও ধারণ করা হয়েছে, তার সন্ধানও করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।