বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদসংলগ্ন বিহঙ্গ দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ কেজি হরিণের মাংসসহ আবদুস সোবহান (৫৫) নামের এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি নামবিহীন ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। সোবহান উপজেলার চরদুয়ানী এলাকার মৃত হাচেন আলীর ছেলে।
গতকাল রবিবার দুপুরে বণ্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করে আবদুস সোবহানকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোররাতে তাকে আটক করা হয়। তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ^জিৎ বলেন, সুন্দরবন চাঁন্দেরস্বরের দরজার খাল এলাকা থেকে অন্তত ১৫টি হরিণ জবাই করে নিয়ে আসছিল শিকারিরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, উদ্ধার হওয়া হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।