ভারতের ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহর সঙ্গে দেখা করেছে দলটির জম্মু ইউনিটের একটি প্রতিনিধিদল। প্রদেশ সভাপতি দেবেন্দ্র সিং রানার নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গতকাল রবিবার সকালে শ্রীনগরের বাসভবনে ফারুক আবদুল্লাহ ও তার স্ত্রী মলি আবদুল্লাহর সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলটি ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ও তাদের ছেলে ওমর আবদুল্লাহর সঙ্গেও দেখা করে।
গত আগস্ট মাস থেকে প্রিভেনটিভ ডিটেনশনে নেওয়ার প্রায় ২ মাস পর দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে পারলেন
ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহ।
ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র মদন মান্টুর বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেবেন্দ্র রানার অনুরোধেই ফারুক এবং ওমরের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক।
ফারুক এবং ওমরের সঙ্গে দেখা করার পর এনসি নেতা আকবর লোন ও হাসনাইন মাসুদি বলেন, ‘ফারুক ও ওমর আবদুল্লাহ কেমন আছেন তা দেখতে এসেছিলাম। রাজনীতির বিষয়ে কোনো কিছুই আলোচনা হয়নি।’ তারা জানান, যেহেতু তাদের বেশিরভাগ নেতাই ‘জেলে বন্দি’, তাই এবার বøক উন্নয়ন পরিষদে অংশ নেবে না ন্যাশনাল কনফারেন্স।
ফারুক এবং ওমরের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতারা। কেন তাদের নেতাকে আটক করে রাখা হয়েছে এ নিয়ে ক্ষোভও উগরে দেন তারা। এনসির মুখপাত্র জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।