যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ইমিগ্রেশন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে দেশ রূপান্তরকে এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছেন। আমাদের শার্শা (যশোর) প্রতিনিধি জানিয়েছেন, যুবলীগ চেয়ারম্যান যেন ভারতে পালিয়ে যেতে না পারেন সে জন্য বেনাপোল স্থলবন্দরেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন খান
জানান, ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতেও বলা হয়েছে।
তিনি জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন সে জন্য যাত্রীদের হাতের ছাপও ছবি তুলে রাখা হচ্ছে।
এদিকে যুবলীগের একাধিক সূত্র বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, চেয়ারম্যানের দেশত্যাগে সরকারের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে তারা কিছু জানে না। তাদের দেওয়া তথ্য মতে, ওমর ফারুক চৌধুরী নিজের ধানমণ্ডির বাসভবনেই রয়েছেন।
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিকে অভিযান নিয়ে প্রশ্ন তুলেন ওমর ফারুক চৌধুরী। তবে এর পরের দিনই নিজের সুর নরম করেন তিনি। ব্যাংক হিসাব তলবের পরে দলীয় কোনো কর্মকাণ্ডেও তাকে দেখা যাচ্ছে না।