দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহের মহেশপুরে নসিমন উল্টে কলেজছাত্র, গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল, লালমনিরহাটে বাসচাপায় বৃদ্ধ, চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক এবং ঢাকার আশুলিয়ায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
হয়েছেন। গতকাল রবিবার ও শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ
ঝিনাইদহ : রবিবার সকালে মহেশপুরের বাকোসপোতা নামক স্থানে নসিমন উল্টে তার নিচে চাপা পড়ে মিকাইল (২২) নামের এক কলেজছাত্র নিহত হন। মিকাইল উপজেলার সলেমানপুর গ্রামের সফিউদ্দীনের ছেলে ও পদ্মাপুকুর শেখ হাসিনা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, নসিমনযোগে সবজি বিক্রির জন্য মহেশপুরের দিকে যাচ্ছিলেন মিকাইল।
চট্টগ্রাম : নগরীর কাজির দেউড়ির বিমান অফিসের সামনে ট্রাকের ধাক্কায় ইব্রাহীম খলিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহীম কুমিল্লার রফিকুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত খলিলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া : গতকাল সকাল ৭টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাজমুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হন। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাজমুল আশুলিয়ার আলফা ক্লোথিং লিমিটেডে এজিএম পদে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ : শনিবার রাত ১১টার দিকে মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্রাট বিশ্বাস (২৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে একজন। সম্রাট কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর মিরপুর থানায় কর্মরত ছিলেন।
লালমনিরহাট : সদর উপজেলার আইড়খামার এলাকায় বাসচাপায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। গত শনিবার সন্ধ্যার এ ঘটনায় ওই বৃদ্ধের নাতি হুমায়ুন (৭) গুরুতর আহত হয়েছে। সিদ্দিক উপজেলার জয়হরি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সিদ্দিক হুমায়ুনকে নিয়ে হেঁটে আইড়খামার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিদ্দিক মারা যান।