সবাই মিলে উৎসবের নিরাপত্তা দেওয়া হচ্ছে: গাজীপুর মেয়র

গাজীপুরে সবাই স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘গাজীপুরের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। দুর্গাপূজা ঘিরে হিন্দু সম্প্রদায়ের কাউকে যেন অবমূল্যায়ন করা না হয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি। সবাই মিলে তাদের উৎসবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।’

সোমবার গাজীপুর মহানগরীর জয়দেবপুর, টঙ্গী, কাশিমপুর, কোনাবাড়ি, শিববাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এবার সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’

এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা আবদুল হাদী শামীম, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র দে, সাধারণ সম্পাদক অরুণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী জানান, সিটিতে ১০০টিসহ এ বছর জেলার পাঁচ উপজেলায় ৪০৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। জেলা প্রশাসন প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।