ফেনীর পরশুরামে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে মিছিল হয়েছে।
সোমবার স্থানীয় গ্রামবাসী এই মিছিল বের করেন। সেই মিছিলের ভিডিওটি স্থানীয় একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়।
সেই ভিডিওতে গ্রামবাসীকে 'সম্রাট ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'সম্রাট ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে' সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণের সভাপতি সম্রাটকে রোববার কুমিল্লার একটি বাড়ি থেকে গ্রেপ্তারের পর ঢাকায় এনে তার অফিসে অভিযান চালানো হয়। প্রায় ৫ ঘণ্টার অভিযানে র্যাব ওই কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাঙারু ও হরিণের চামড়া, ইয়াবা এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করে।
পরে বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরে রাত ৭টা ৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সম্রাটকে নিয়ে যায় র্যাব। বর্তমানে সম্রাটকে কেরানীগঞ্জের কারাগারে রাখা হয়েছে।