পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় শ্রীলঙ্কার

আবার হতাশ করলেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা। যার খেসারত দিতে হলো সিরিজ হারে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই লঙ্কানদের প্রথম সিরিজ জয়।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানকে ৩৫ রানে হারায় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান করে সফরকারী শ্রীলঙ্কা। জবাবে এক ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৪ রানে জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। বুধবার দুই দলের তৃতীয় ওয়ানডে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।

শ্রীলঙ্কা এদিন জয় তুলে নেয় ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নুয়ান প্রদিপের নৈপুণ্যে। রাজাপাকসের ঝোড়ো ব্যাটিংয়ে বড় স্কোর পায় শ্রীলঙ্কা। ৪৮ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৭৭ রান করেন তিনি। মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই এদিন নিজেকে মেলে ধরলেন তিনি। আগের ম্যাচে করেছিলেন ৩২ রান।

এরপর বোলিংয়ে ছিল হাসারাঙ্গা ও প্রদিপের তোপ। পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে ৩ উইকেট নেওয়া হাসারাঙ্গার অবদানটাই বড়। ৪ উইকেট নিয়েছেন প্রদিপ। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ইমাদ ওয়াসিম। এ ছাড়া আসিফ আলি ২৯ ও সরফরাজ আহমেদ ২৬ রান করেন। ম্যাচসেরা হয়েছেন ভানুকা রাজাপাকসে।