জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘শনিবার বিকেল’ নিয়ে এখন এখন বুসান ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন। গতকাল দুপুরে এ উৎসবে তার সিনেমাটি প্রদর্শিত হয়। সেখানকার অভিজ্ঞতা জানাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, ‘বুসানের প্রথম দিন ছিল সত্যি অনবদ্য। ১১টায় প্রদর্শনী শেষে প্রশ্ন-উত্তর পর্বের জন্য অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কে-ই বা আসবে সোমবার সকালের প্রদর্শনীতে? কিন্তু হলভর্তি দর্শক দেখে আমি অবাক হয়েছি। দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল আমাকে নানা ধরনের প্রশ্ন করার জন্য। এরপর সন্ধ্যায় ছিল প্রেস কনফারেন্স। সেখানে সিনেমাটি ঘিরে অনেকগুলো নতুন প্রশ্নের মুখোমুখি হই যা আমাকে আরও গভীরভাবে ভাবিয়েছে। বাংলাদেশে অনেকবার সংবাদ সম্মেলনে কথা বলেছি। কিন্তু আমি আশা করি এখানেও এ ধরনের প্রশ্ন ও বিষয়বস্তু নিয়ে আমি কথা বলব। আমি জানি না তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে!’
‘শনিবার বিকেল’-এর এমন মধুর অভিজ্ঞতার মধ্যেই ফারুকী তার নিজের নতুন সিনেমার নতুন খবর দিয়েছেন। তার নতুন ছবির কাজ শুরু করেছেন অনেক আগেই। এমনকি এ সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল আগেই। ‘নো ল্যান্ডস ম্যান’ নামের এই সিনেমায় বলিউড অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয় করবেন বলেও জানিয়েছিলেন তিনি। এবার ঘোষণা করা হলো ছবির প্রধান নারী চরিত্রের নাম। ছবিতে অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগানকে। এ সিনেমার গল্প এগিয়ে যাবে দক্ষিণ এশিয়ার এক পুরুষের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে। সেই সমস্য আরও গুরুতর আকার ধারণ করবে যখন তার পরিচয় হবে যুক্তরাষ্ট্রপ্রবাসী অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে। এই নারীর চরিত্রে অভিনয়ের জন্য ফারুকী নির্বাচন করেছেন মিশেল মেগানকে। আর ছবিটির প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় প্রযোজক ও নির্মাতা শ্রীহরি শাথে। এর আগে ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির প্রযোজকের তালিকায় যুক্ত ছিলেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’। এবার এই তালিকায় শ্রীহরি যোগ হলেন নতুন করে। শ্রীহরি শাথে এক হাজারি নোট নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র নিয়ে প্রযোজক হিসেবে সানড্যান্স, ভেনিস, টরন্টোর মতো আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশ নিয়েছেন। তার ছবিগুলো বিভিন্ন সময়ে উৎসবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছে। তিনি প্রডিউসারস গিল্ড অব আমেরিকা, ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও ফিল্ম রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য। চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার পাশাপাশি শ্রীহরি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব আর্টসে সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত রয়েছেন।
অনেক যাচাই-বাছাইয়ের পর নো ল্যান্ডস ম্যান-এর মূল নারী চরিত্রে অভিনয়ের জন্য মেগান মিশেলকে নির্বাচন করা হয়। তিনি মূলত মেলবোর্নের মঞ্চ অভিনেত্রী। অস্ট্রেলীয় এই অভিনেত্রীর এটাই হতে যাচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রথম ছবিতে মেগান ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এর দৃশ্যধারণ আগামী বছরের প্রথম দিকে শুরু হবে। শুটিং হবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন জায়গায়।