সোনারগাঁয়ে ফসলি জমিতে জোর করে বালু ভরাট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনার শাখা নদী এবং আষাঢ়িয়ার চর এলাকায় কৃষকের ফসলি ও সরকারি খাসজমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠছে স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে। জোরপূর্বক বালু ভরাটের প্রতিবাদে স্থানীয় কৃষকরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামের আষাঢ়িয়ার চর মৌজার প্রায় ৭০০ বিঘা জমিতে কয়েক দিন ধরে তিন-চারটি ড্রেজার বসিয়ে জাতীয় পার্টির স্থানীয় নেতা মোক্তার হোসেন, মনির হোসেন, সারোয়ারসহ তাদের সহযোগীরা আল-মোস্তফা গ্রুপের পক্ষে মেঘনার শাখা আষাঢ়িয়া নদী, কৃষকের ফসলি জমি এবং সরকারি খাসজমিতে বালু ভরাট করছেন। 

আষাঢ়িয়ার চর এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশ থেকে মেঘনা নদী পর্যন্ত কয়েকটি শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু ভরাট করা হচ্ছে। কৃষকের লাগানো ফসলের ওপর ড্রেজার পাইপ দিয়ে ৮-১০ ফুট উঁচু করে বালু ফেলা হয়েছে। শুধু ফসলি জমিই নয়, মেঘনা শাখা আষাঢ়িয়া নদীটিও ভরাট করে ফেলছে। ড্রেজারের পাশেই কোম্পানির পক্ষে কয়েকজন সন্ত্রাসী পালাক্রমে দিনে-রাতে পাহারা দিচ্ছে।

গত রবিবার সকালে গণমাধ্যমকর্মীরা আষাঢ়িয়ার চর মৌজায় গেলে কোম্পানির পক্ষে বালু-সন্ত্রাসীরা দৌড়ে এসে গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে নিষেধ করে। এ সময় কৃষকরা অভিযোগ করলে বালু-সন্ত্রাসীরা সাংবাদিকদের সামনেই তাদের মারতে তেড়ে আসে।