বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস ও পৈশাচিক কায়দায় হত্যা করেছে। হিটলারি শাসন বজায় রাখতে এ ধরনের হত্যা।’ গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের হিংস্র রূপ দেশের মানুষকে বোবা করে ফেলেছে। অজানা আশঙ্কা, আতঙ্ক আর ভয় মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত করে তুলেছে। ফাহাদ হত্যার ঘটনা আবারও প্রমাণ করে প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে হিটলারি শাসন বজায় রাখতে চায় সরকার। তবে জনগণ তাদের এ মনোবাসনা পূরণ হতে দেবে না।
বিবৃতিতে আবরার হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে গভীর শোক প্রকাশ করে আবরারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।