বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ১ মিনিট ২২ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। ওই ফুটেজে ফাহাদকে হলের দোতলার করিডোর দিয়ে চ্যাংদোলা করে ধরে আনতে দেখা যাচ্ছে। এ সময় ফাহাদকে নড়াচড়া করতে দেখা যায়নি। ওই ফুটেজে মোট ১০ জনকে দেখা গেছে। তবে ওই ফুটেজে ১৫তম ব্যাচের মূল অপরাধীরা নেই বলে ফাহাদের সহপাঠীরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাহাদের কয়েকজন সহপাঠী দেশ রূপান্তরকে বলেন, আমরা ফুটেজ দেখেছি। চ্যাংদোলা করে যাকে আনা হচ্ছে সে ফাহাদ। তবে ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীরা কেউ নেই। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের অধিকাংশই ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের জুনিয়র নেতাকর্মী।
সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় দিয়ে ফাহাদের সহপাঠীরা জানিয়েছেন, যে তিনজন ফাহাদকে চ্যাংদোলা করে ধরে আনছে, তাদের মধ্যে কালো টি-শার্ট পরা মুয়াজ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইইই ১৭তম ব্যাচ) এবং মাঝে ও ডানপাশে অপর দুজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য জেমি ও তানিম (১৭তম ব্যাচ)।
এই তিনজনের একটু দূরে সাদা গেঞ্জি ও ট্রাউজার পরিহিত ইফতি মোশাররফ সকাল (১৬তম ব্যাচ)। সে বুয়েট ছাত্রলীগ শাখার সমাজসেবাবিষয়ক উপসম্পাদক ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার একটু দূরেই চশমা পরা একজন হেঁটে আসছে। তার নাম মাহমুদুর রহমান মাজেদ (এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র)।
এরপর দেখা যাচ্ছে দুজন একসঙ্গে হেঁটে আসছে। এদের মধ্যে বাম পাশে ট্রাউজার ও সাদা টি-শার্ট পরিহিত মোর্শেদ (মেকানিক্যাল ১৭তম ব্যাচ) ও ডান পাশে মোবাইল হাতে মুজাহিদ (১৬তম ব্যাচ ইইই)।
এরপর আরও দুজনকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। এদের মধ্যে একজন কালো প্যান্ট বা ট্রাউজার পরা তানভীর (মেকানিক্যাল ১৬তম ব্যাচ) ও অন্যজন চশমা চোখে রাফাদ (মেকানিক্যাল ১৭তম ব্যাচ)। এদের পেছনেই তোহা (মেকানিক্যাল ১৭তম ব্যাচ)।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, ফুটেছে যাদের দেখা গেছে তারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সিনিয়রদের নির্দেশ পালন করেছে মাত্র। মূল অপরাধীদের সিসিটিভির ফুটেজে দেখা যায়নি।
গত রবিবার রাত সাড়ে ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে মারধর করা হয়। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।