মহিলা লীগ নেত্রীকে ধর্ষণ সাবেক ছাত্রলীগ নেতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজের বিরুদ্ধে স্থানীয় যুব মহিলা লীগের নেত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে মিজমিজি এলাকার আবদুল আলিপুল এলাকার আবদুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এতে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ে করতে বললেও পারভেজ রাজি হচ্ছেন না। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, অভিযোগের পর পারভেজকে ধরতে রাতেই অভিযান চালানো হয়। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তদন্ত করে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সাত বছর বয়সীকে ধর্ষণের অভিযোগে মো. সেলিমের নামে রবিবার রাতে মামলা করেছেন ভুক্তভোগীর মা। সেলিম জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মালিরচর গ্রামের আব্দুল আজিজের ছেলে। জালকুড়ি নাইনতার পাড়া এলাকার ভাড়াটিয়া।

মা-বাবা কর্মস্থলে থাকার সুযোগে সেলিম গত ৪ অক্টোবর দুপুরে ওই শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উমেদারকে শ্লীলতাহানি ভূমি কর্মকর্তার : গাজীপুরের কালিয়াকৈরে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল বাসেদের বিরুদ্ধে তার এক সহকর্মী উমেদারকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর দাবি, আব্দুল বাসেদ দীর্ঘদিন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন। গত ১ অক্টোবর আব্দুল বাছেদ ৩ ও ৪ নম্বর ভলিয়ম নিয়ে তাকে কক্ষে ডেকে পাঠান। বিকেল ৪টার দিকে ভলিয়ম নিয়ে কক্ষে গেলে সুযোগ বুঝে শ্লীলতাহানি করেন। যৌন নিপীড়নের চেষ্টাকালে মুখে আঘাত পান ওই নারী। চিৎকার করলে অন্যরা এলে আব্দুল বাছেদ কক্ষ থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ওই নারী উমেদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ বিষয়ে আব্দুল বাছেদ বলেন, ‘কক্ষে এলে উমেদারকে বসানোর চেষ্টাকালে আঙুল লেগে মুখ কেটে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে চিৎকার করেন। যৌন হয়রানির অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ জানান, আব্দুল বাছেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করা হয়েছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকায় যুবকের ধর্ষণে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের ছাত্র ও কালিয়াকৈর উপজেলার আড়াবাড়ি এলাকার মো. ফয়সাল (২২) প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীর সঙ্গে মেলামেশা করেছে। কয়েকদিন আগে সে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নিলে অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়।

ছাত্রীর বাবা বলেন, ‘মেয়ে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। সুস্থ হলে থানায় অভিযোগ দেব।’ মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবন্ধীকে ধর্ষণ ভ্যানচালকের : মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর আশ্রমের পাশে ভ্যান গ্যারেজে শারীরিক প্রতিবন্ধীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার পাখুল্লা গ্রামের কমল বেপারীর ছেলে ভ্যানচালক আকাশ বেপারী (২০) ও তার সহযোগী ইব্রাহীম তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন তার মা।

রাজৈর থানার এসআই জোবার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেমের সূত্রে গৃহবধূকে গণধর্ষণ : নোয়াখালীতে মোবাইল ফোনে প্রেমের সূত্র ধরে দুই সস্তানের জননীকে রামগঞ্জ থেকে সুধারামের আন্ডারচরে ডেকে এনে গণধর্ষণ করেছে ৬ জন। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, আন্ডারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে খোকন (২০) সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণ করেছে। পরে ধর্ষিতা বাদী হয়ে গত রবিবার রাতে সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনের নামে মামলা করেছেন। রাতেই পুলিশ প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করেছে।