জহিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে পান্ডিয়া

বেচারা হার্দিক পান্ডিয়া! বিতর্কিত খবরের শিরোনাম হওয়াটা তার জন্য নতুন কিছু নয়। মাঝে তো নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছে। কিন্তু বারবার একই পথে হাঁটা তারা। তবে এবার যে কাজ করে নিজ দেশের ভক্তদের তোপের মুখে পড়লেন, সে জন্য বোধ হয় নিজেকে দুর্ভাগাই ভাবতে পারেন। নির্ভেজাল একটা মজাই তো করতে চেয়েছিলেন তিনি।

তা কী করেছেন হার্দিক? সোমবার ছিল ভারতীয় সাবেক পেসার জহির খানের জন্মদিন। অগ্রজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিও পোস্ট করেছিলেন হার্দিক। কিন্তু এই অলরাউন্ডারের করা ভিডিও ভালোভাবে নেয়নি ক্রিকেটভক্তরা।

ঘরোয়া ক্রিকেটে পুরোনো কোনো ম্যাচের ভিডিও ছিল সেটি। যাতে দেখা যাচ্ছে বাঁ-হাতি পেসার জহিরের করা একটি বল মিড উইকেট দিয়ে তুলে মারছেন হার্দিক। ক্যাপশনে ২৫ বছর বয়সী লিখেছেন, ‘শুভ জন্মদিন জহির খান। এখানে আমি যা করেছি, আশা করি পার্কের বাইরে আপনি সেভাবেই সব চূর্ণ করেছেন।’ এরপর চোখ টেপার ও কান্নার ইমোজিসহ দুটি লাভ চিহ্নের ইমোজিও দিয়েছেন।

কিন্তু এই ভিডিও নিয়ে প্রশ্ন ভক্তদের। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন ভিডিও পোস্ট করা কেন? অনেকের দাবি, হার্দিক পারতেন জহিরের গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের অন্য কোনো মুহূর্ত শেয়ার করতে। কেন নিজের ওই ছক্কা হাঁকানোর ভিডিও পোস্ট করতে হবে। হর্দিককে অনেকে অহংকারীও বলছেন। পরামর্শ দিয়েছেন অহংকার ত্যাগ করার।

ইনজুরির কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন হার্দিক। কিছুদিন আগেই তার পিঠে সফল অস্ত্রোপচার হয়েছে। দেশের হয়ে এখন পর্যন্ত ১১টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলেছেন হার্দিক।

অন্য দিকে জহির ভারতের জার্সিতে সর্বশেষ খেলেন ২০১৪ সালে। দেশের হয়ে ৯২ টি টেস্ট, ২০০ টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন।