সোনারগাঁয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ২৪ বছর বয়সী এক গার্মেন্টসকর্মী।
সোমবার রাতে সিএনজি যোগে তুলে নিয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের একটি বাড়িতে তাকে ধর্ষণ করা হয়।
এই ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে মঙ্গলবার সকালে ৭ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে তালতলা ফাঁড়ি পুলিশের অভিযানে ৫ ধর্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ধর্ষকেরা হল- সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের মজিবুর রহমানের ছেলে আবু সাইদ (২৫), রেহাজউদ্দিনের ছেলে ইমরান (২৩), নবী হোসেনের ছেলে রণি মিয়া (২০), মো. আবু ছিদ্দিকের ছেলে আবুল হোসেন (৩২), আমির হোসেনের ছেলে আরিফ (১৯), মৃত সামছুল হকের ছেলে জাহাঙ্গির (২৮) ও বাগবাড়িয়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে মাসুদ (২২)।
মামলার এজাহার থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলার পার্শ্ববর্তী রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার বালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী রূপগঞ্জের রবিন টেক্স গার্মেন্টসে ফোল্ডিং ম্যান পদে চাকরি করেন। সোমবার সন্ধ্যায় ডিউটি শেষে বাসায় ফেরার জন্য গার্মেন্টেসের সামনে থেকে একটি সিএনজি অটোরিক্সায় ওঠেন তিনি। সিএনজিতে আগে থেকেই একজন লোক বসা ছিল। সিএনজিটি গাউছিয়া এলাকায় পৌঁছালে ওই নারী গার্মেন্টসকর্মী সিএনজি থেকে নামতে চান কিন্তু সিএনজিতে বসা জাহাঙ্গির নামের লোকটি তাকে নামতে বাঁধা দেয়।
একপর্যায়ে তার মুখে স্কচটেপ লাগিয়ে সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় নিয়ে আসে। বিভিন্ন জায়গা ঘুরে রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আ. হালিমের দোচালা টিনের ঘরে নিয়ে যায় তাকে ।
সেখানে আগে থেকেই আরো ৬ জন লোক অবস্থান করছিল। এক পর্যায়ে ৭ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে ওই গার্মেন্টসকর্মীকে।
পরে ওই বাড়ির মালিক আ. হালিম বাড়ি ফিরে ঘটনাটি দেখে গার্মেন্টসকর্মীকে ছেড়ে দিতে অনুরোধ করে। কিন্ত ধর্ষকেরা জোর পূর্বক গার্মেন্টস কর্মীকে সেখান থেকে অন্যত্র নিয়ে যেতে চায়। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকলে ধর্ষকেরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ গার্মেন্টসকর্মীকে সেখান থেকে উদ্ধার করে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ৫ ধর্ষককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।