মুহসীন হল থেকে পিস্তলসহ ২ ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে পিস্তলসহ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কক্ষ থেকে বঁটি, সিসিক্যামেরা, হাতুড়ি ও লাঠি উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে হলের ১২১নং কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আবিদ আল হাসান ও মোতাহার হোসেন প্রিন্সের কমিটির বিশ^বিদ্যালয় শাখার  উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার ও উপ-অর্থ সম্পাদক আবু বকর আলিফ।

হল প্রশাসন ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মাগরিবের পর মুহসীন হলের ৩১২ নাম্বার কক্ষ দখল করতে যায় হাসিবুর রহমান তুষার। এ সময় সে ওই রুমের বাসিন্দাদের মাথায় পিস্তল ঠেকায়। এ ঘটনা অন্য ছাত্ররা দেখে প্রক্টরকে জানায়। পরে তুষারের ১২১ নাম্বার কক্ষে প্রশাসন ও প্রক্টরিয়াল টিম অভিযান চালায়। তখন কক্ষে তিনজন অবস্থান করলেও  একজন পালিয়ে যায়। অন্য দুজন তুষার আর আলিফ আটক হয়। প্রথম দফায় তল্লাশিতে ইয়াবা আর খেলনা পিস্তল উদ্ধার করা হয়। দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে লোড করা পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রব্বানী বলেন, বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে প্রক্টরিয়াল টিম হল প্রশাসনকে নিয়ে অভিযান চালায়। দুজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তথ্য পেলে সব হলে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।