চট্টগ্রামে অর্থমন্ত্রী

দ্রুত দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ শীর্ষে

বিশ্ব অর্থনীতির বড় সূচকগুলোতে বাংলাদেশ প্রশংসনীয় অবস্থানে চলে আসছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসূচক অনুসারে, দ্রুততম সময়ে দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান শীর্ষে।

গতকাল চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার আতাউর রহমান খান কাওসারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদন অনুযায়ী, উচ্চপ্রবৃদ্ধির ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি।