সিলেট মহানগর আ. লীগের সম্মেলন ৩০ নভেম্বর

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় পাঁচ বছর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে মহানগর আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পদপ্রত্যাশী নেতারা তৎপর হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় মহানগর সম্মেলন ছাড়াও নগরীর ৬টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। নগরীর তালতলার ১টি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর নগরীর ২ নম্বর ওয়ার্ড, ২২ অক্টোবর ৩ নম্বর ওয়ার্ড, ২৪ অক্টোবর ১১ নম্বর ওয়ার্ড, ২৬ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ড, ২৮ অক্টোবর ২২ নম্বর ওয়ার্ড এবং ৩০ অক্টোবর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় বক্তব্য দেন সহসভাপতি মফুর আলী, তুহিন কুমার দাস, জাফর সাদেক কয়েস গাজী ও রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল, এ টি এম হাসান জেবুল প্রমুখ।

প্রসঙ্গত, সিলেট মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। ওই সম্মেলনে গঠিত ৩ বছর মেয়াদি কমিটি দিয়ে ৮ বছর ধরে চলছে মহানগর আওয়ামী লীগ।