পৃথিবীতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ হলেও সব মানুষ সমান নয়। কর্মগুণ কিংবা কর্মদোষে তাদের কেউ সেরা, আবার কেউ মন্দ। বস্তুত ভুলত্রুটি নিয়েই মানুষের জীবন। ভালো-মন্দ মিলিয়েই মানুষের বেঁচে থাকা। এর মধ্যে যারা সচেতন, বিবেকবান, নৈতিকতাসম্পন্ন, চারিত্রিক সৌন্দর্যে বলীয়ান তাদের মনের একান্ত মিনতি, তারা ভালো মানুষ হতে চান। যারা ভালো, আদর্শবান, সেরা ও শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনের সৌন্দর্যের আলোয় আলোকিত হয় পরিবার, সমাজ, জাতি ও রাষ্ট্রসহ গোটা বিশ্ব। তারা হয় সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয় ও আদর্শ
একজন ভালো মানুষের সুফল সমাজের সবাই ভোগ করে। কোরআন-হাদিসের আলোকে ভালো মানুষ তিনিইÑ যিনি কোরআন-হাদিসে ঘোষিত আল্লাহ প্রদত্ত আদেশাবলি পালন এবং নিষেধাবলিকে পরিত্যাগ করে একনিষ্ঠভাবে নৈতিক দায়দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করেন। ভালো মানুষ সব ধরনের গোনাহ থেকে বেঁচে থাকবেন। গোনাহ দুই প্রকার- ১. কবিরা ২. সগিরা।স
কোরআন ও হাদিসে কবিরা গোনাহর সঠিক সংখ্যা উল্লেখ না
থাকলেও উল্লেখযোগ্য কবিরা গোনাহগুলোর বিবরণ দেওয়া হয়েছে। কবিরা গোনাহগুলো হলো- শিরক, হত্যা, জাদু, নামাজ ত্যাগ, জাকাত অনাদায়, বিনা কারণে রোজা ভাঙা, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, আত্মহত্যা, পিতা-মাতার অবাধ্যতা, ব্যভিচার, সমকামিতা, সুদের লেনদেন, এতিমের সম্পদ আত্মসাৎ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অহংকার, মিথ্যা সাক্ষ্যদান, মদপান, জুয়া, সতী নারীর বিরুদ্ধে অপবাদ, চুরি, ডাকাতি, আল্লাহ ও তার রাসুলের ওপর মিথ্যারোপ, মিথ্যা শপথ, জুলুম-নির্যাতন, মিথ্যা কথা, ঘুষ খাওয়া, অশ্লীলতা, খেয়ানত করা, চোগলখুরি করা, গালি দেওয়া, ওয়াদা ভঙ্গ করা, অহংকার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি, কৃপণতা, বিচারে দুর্নীতি করা ইত্যাদি। ভালো মানুষ কবিরা ও সগিরা গোনাহ থেকে মুক্ত হবেন।
শেষ নবী হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ভালো মানুষের কিছু গুণের কথা উল্লেখ করেছেন। ওই সব গুণ নিজের মধ্যে ধারণ করতে পারলে ভালো মানুষ হওয়া সম্ভব। হাদিসে উল্লিখিত গুণগুলো হলো যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। যে সর্বোত্তম আচরণের অধিকারী। যে ঋণ পরিশোধের বেলায় ভালো। যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। যে তার পরিবারের কাছে ভালো। যাকে দেখলে আল্লাহতায়ালার কথা স্মরণ হয়। যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহতায়ালার কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম। যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।
ইসলামি স্কলারদের মতে, নিজেকে ভালো মানুষ হিসেবে কবিরা-সগিরা গোনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে সমাজের জন্য ক্ষতিকর যাবতীয় অভ্যাস ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, সুখী-সমৃদ্ধিশালী অনাবিল শান্তির সমাজ বিনির্মাণে ভালো মানুষের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। একজন ভালো মানুষই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। তার যথার্থ ভূমিকায় গোটা সমাজ পরিবর্তন হতে বাধ্য। ভালো মানুষ সুন্দর সমাজ গঠনে সৎকাজের আদেশ এবং মন্দ কাজ করতে নিষেধ করবেন। এর মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অন্যায় দূরীভূত হবে। মানব সমাজে ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে এমন একটি দল বা গোষ্ঠী থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে, তারাই সফলকাম। সুরা আলে ইমরান : ১০৪
বস্তুত ভালো মানুষ হওয়া অসাধ্য কোনো কাজ নয়, খুব কঠিন কিছু নয়। ভালো হতে প্রয়োজন শুধু সদিচ্ছা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে একটি দৃঢ় প্রত্যয়ের। এই প্রত্যয়টা কষ্টকর হলেও মনে রাখতে হবে, অমানুষ হওয়া মানুষ হওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের ও লাঞ্ছনার।
লেখক : মুফতি ও ইসলামবিষয়ক লেখক