জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। আজ পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা
করবেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন ইফতেখার শুভ প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সঞ্চালক...
আমি এর আগে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ ও ‘ফেইস অব এশিয়া’ নামের দুটি আন্তর্জাতিক মানের রিয়েলিটি শো উপস্থাপনা করেছি। এবারই প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশের উপস্থাপনা করতে যাচ্ছি। একই সঙ্গে এক্সাইটেড ও নার্ভাস। কারণ, এটি একটি সম্মানজনক অনুষ্ঠান। এখান থেকে যে বিজয়ী হবেন, তিনি দেশকে বিশ^ মঞ্চে প্রতিনিধিত্ব করবেন। আবার এই প্রতিযোগিতার পূর্বের গ্র্যান্ড ফিনালেগুলো নানা কারণে বিতর্কিত হয়েছে। একবার তো উপস্থাপিকার ভুলের জন্য ফলাফল পর্যন্ত বদলে গিয়েছিল। তাই আমি খুব সচেতন। এমনিতেই কোনো অনুষ্ঠান করতে গেলে আমি প্রস্তুতি নিয়ে থাকি। তার ওপর এ ধরনের লাইভ অনুষ্ঠান বলে কথা। গতকাল রিহার্সেল করেছি। মঞ্চে যারা থাকবেন, তাদের সম্পর্কে ভালোমতো জানার চেষ্টা করেছি, যাতে কোনো ভুল তথ্য না দিয়ে ফেলি।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে...
আজ রাত পৌনে ৮টা থেকে অনুষ্ঠানটি সরাসরি এনটিভিতে প্রচার হবে। এবার প্রধান বিচারক হিসেবে আছেন চিত্রতারকা মৌসুমী ও ফেরদৌস, আর বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। পুরো সিজন অন্য দুজন উপস্থাপনা করলেও গ্রান্ড ফিনালেতে থাকছি দেবাশীষ বিশ^াস আর আমি। অতিথি বিচারক হিসেবে ফ্যাশন ডিজাইনার মাহিন খান, নারী উদ্যোক্তা রুবাবা দৌলা আর কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ববিতার নাম শুনেছি। টপ কনটেস্টেন্ট ছাড়া আরও পারফর্ম করবেন হৃদয় খান, টয়াসহ অনেক তারকা। আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন সবাই।
পড়াশোনায় ব্যস্ততা...
আমি ঢাকা মেডিকেলে একজন চিকিৎসক হিসেবে কর্মরত। এখন এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষা দেব। তাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। এর ফাঁকে বড় আয়োজনের শোগুলোই শুধু উপস্থাপনা করছি। সামনে বিপিএল উপস্থাপনা করব।
অন্যান্য কাজ...
নিয়মিত উপস্থাপনা করছি ইটিভির ‘সেরা নারীর সেরা রান্না’ ও নিউজ টোয়েন্টিফোরের ‘নলেজ পাওয়ার’ অনুষ্ঠান দুটি। শিগগিরই এটিএন বাংলায় সচেতনতামূলক একটি শো নিয়ে হাজির হব। এছাড়া সম্প্রতি মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় ভিশন ওয়াশিং মেশিনের টিভিসির মডেল হয়েছি। আর অভিনয় নিয়মিত করা হয় না সময় স্বল্পতার জন্য। বিশেষ দিবসের ভালো গল্পের কোনো নাটকের প্রস্তাব পেলে করি। এসব নিয়েই মোটামুটি সময় কাটছে।’